বিনিয়োগ পেলো দেশী স্টার্টআপ সমাধান, যাচ্ছে ইউরোপ ও আফ্রিকায়
বাংলাদেশী স্টার্টআপ হিসেবে ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডাব্লিউবিএএফ) এর স্বীকৃতি লাভ করেছে সন্ধান ডটকম। আর এই বিনিয়োগের মাধ্যমে ইউরোপ এবং আফ্রিকার নাইজেরিয়ায় অনলাইন সেবাভিত্তিক মার্কেটপ্লেস চালু করবে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সমাধান ডটকম এর প্রধান নির্বাহী রাজু আহমেদ।
এসময় সমাধানের প্রধান পরিচালন কর্মকর্তা মো. রায়হান সরকার, ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান ও জনসংযোগ বিভাগের উর্ধ্বতন সহকারি পরিচালক মোঃ আনোয়ার হাবিব কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এর আগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে এঞ্জেল ইনভেস্টমেন্ট ফর স্টার্টআপ প্রোগ্রামে ডাব্লিউবিএএফ এর চেয়ারম্যান বাইবার্স আলতুনতাস বাংলাদেশের শতাধিক স্টার্টআপদের নিয়ে একটি সেমিনার করেন।
ওই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে সমাধান ডটকম ডাব্লিউবিএএফএ আবেদন করার সুযোগ পায় এবং গত ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড বিজনেস এঞ্জেল ইনভেস্টমেন্ট ফোরাম (ডব্লিউবিএএফ) ১৫০০টির অধিক স্টার্টআপ থেকে গভীর পর্যালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে ৪৩টি দেশের ৯৫টি স্টার্টআপকে ডব্লিউবিএএফ ওয়ার্ল্ড কংগ্রেস ২০২০ এর জন্য নির্বাচন করে। এর মধ্যে বাংলাদেশী স্টার্টআপ হিসাবে একমাত্র সমাধান ডটকম কংগ্রেসে স্থান লাভ করে। প্রদর্শনী চলাকালীন বিভিন্ন দেশ থেকে আগত ইনভেস্টরেরা তাদের ষ্টল পরিদর্শন করেন ও তাদের সামনে বিজনেস আইডিয়াটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।
এরপর আইডিয়া পিচিং, এক্সিবিশন ও গ্লোবাল ফান্ড রেইজিং ইভেন্টের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পর্তুগাল, কুয়েত, মালয়েশিয়া, সুদান, নাইজেরিয়া, মেক্সিকো, বাহরাইনসহ বিভিন্ন দেশের ভেঞ্চার ক্যাপিটাল সমাধান ডটকম এ ইনভেস্ট করতে আগ্রহ প্রকাশ করে।
এদের মধ্যে পর্তুগালের কোর এঞ্জেলস নেটওয়ার্কের ফাউন্ডার রুই ফ্যালকাও এবং নাইজেরিয়ার আবুজা টেকনোলজি ভিলেজের সিইও হাউয়া ইয়াবানি পার্টনারশিপের মাধ্যমে সমাধান ডটকম- কে তাদের দেশে বিজনেস করার জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
সূত্রমতে, এই দুই কোম্পানির বিনিয়োগের মধ্য দিয়ে সমাধান ডটকম এর বাজার মূল্য দাঁড়াচ্ছে সাড়ে ২৫ কোটি টাকা।